ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের মামলায় হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

ads

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন আদালত। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার (৯ মার্চ) এই রায় ঘোষণা দেন। একই সাথে রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন উচ্চ আদালত।


এর আগে গত ২৪ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের দণ্ডের মামলার আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন আদালত।


২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে লালবাগ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সে সময় কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়। পরবর্তীকালে ২০০৯ সালের ২৫ অক্টোবর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। এরপর ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট তার সাজা বাতিল করেন। পরে ফের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক।


ওই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টে ওই আপিল (হাজী সেলিমের) পুনরায় শুনানি করতে বলা হয়। এরপর প্রায় পাঁচ বছর ওই আপিলের শুনানি হয়নি। তবে সম্প্রতি আপিলটি শুনানির উদ্যোগ নেয় দুদক।


এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতে থাকা মামলার যাবতীয় নথি (এলসিআর) তলব করেন। পরে কয়েক দিবস শুনানি শেষে ২৪ ফেব্রুয়ারি আপিলটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। সর্বশেষ আজ এই রায় দিল হাইকোর্ট।

উল্লেখ্য, দুর্নীতির এ মামলায় এমপি হাজী সেলিম বর্তমানে জামিনে আছেন।

ads
ads
ads

Our Facebook Page